আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে খেজুর আমদানিতে বড় ধরনের কর ছাড় দিয়েছে সরকার। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দাম নাগালের মধ্যে রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, গত ২৩ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ আমদানি পর্যায়ে শুল্ক কমানো হয়েছে মোট ৪০ শতাংশ। সরকারের এই সিদ্ধান্ত আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
শুল্ক কমানোর পাশাপাশি খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালাতেও পরিবর্তন আনা হয়েছে। বাজেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। গত বছর দেওয়া ৫০ শতাংশ ছাড়ের এই সুবিধা চলতি বছরেও বহাল রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, আমদানি পর্যায়ে শুল্ক ও আয়করে এমন বড় ছাড়ের ফলে আন্তর্জাতিক বাজার থেকে খেজুর আমদানির খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এর ফলে স্থানীয় বাজারে খেজুরের দাম কমবে এবং সাধারণ ভোক্তারা স্বস্তিতে তাদের প্রয়োজনীয় ইফতার সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন