বিলেতের দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের রাজনৈতিক অঙ্গনে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি বিশ্ব গণমাধ্যমেও এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।
রয়টার্স, এএফপি এবং বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তারেক রহমানের এই ফিরে আসাকে বাংলাদেশের আগামী রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। রয়টার্স তাদের প্রতিবেদনে তাকে নির্বাচনের অন্যতম প্রভাবশালী এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণ বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণের সঞ্চার করবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানকে বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থক সংবর্ধনা দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে পরিচিত এই নেতা দীর্ঘ সময় লন্ডনে অবস্থান শেষে স্ত্রী ও কন্যাসহ দেশে ফিরেছেন। প্রভাবশালী এই নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরের আশেপাশে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ, যারা তাকে দেশের পরবর্তী কর্ণধার হিসেবে দেখছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের বিশেষ সংবাদে উল্লেখ করেছে যে, ১৭ বছরের প্রবাস জীবন শেষে তারেক রহমানের এই ফেরা মূলত বাংলাদেশের পরবর্তী সরকার গঠনের লড়াইয়ে তার অবস্থানকে আরও সুসংহত করবে। ২০০৮ সাল থেকে লন্ডনে থাকা এই নেতা এখন বিএনপির নেতৃত্বে পুনরায় ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন। বৈশ্বিক এই গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচনে তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু।

একটি মন্তব্য পোস্ট করুন