সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চিকিৎসা সহায়তা নিশ্চিতের নির্দেশ
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।” তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন।
গণতান্ত্রিক উত্তরণে গুরুত্ব
বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
ড. ইউনূস বিবৃতিতে বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কৃতজ্ঞতা
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে প্রধান উপদেষ্টার মানবিক সৌজন্যমূলক এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন