সামান্য বৃষ্টি হলেই ঢাকার সকল পাকা সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। রাস্তার জমে থাকা ধুলো, বালু ও ময়লা বৃষ্টির পানিতে মিশে পথচারীদের জন্য তৈরি করে দুর্ভোগের ফাঁদ। স্কুলগামী শিশু, অফিসযাত্রী ও প্রবীণরা প্রতিদিন এই সমস্যায় ভোগেন।
ঢাকার সড়কগুলো পাকা হলেও, রাস্তার ধুলো, বালু, মাটি ও জমে থাকা আবর্জনা দীর্ঘদিন পরিস্কার না করার ফলে বৃষ্টির পানির সাথে মিশে কাদায় পরিণত হয়। ফুটপাতের পাশে অবৈধ দখল, নির্মাণসামগ্রী ফেলা ও নর্দমা পরিষ্কারের অভাব সমস্যাকে আরও তীব্র করে তোলে। অথচ নগরের নিয়মিত সড়ক পরিষ্কারের দায়িত্ব সুস্পষ্টভাবে সিটি করপোরেশনের ওপর বর্তায়।
রাজধানীর পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশনকে শুধু ময়লা ফেলার জায়গা নির্ধারণ করাই যথেষ্ট নয়—প্রয়োজন প্রতিদিনের রাস্তাঘাট ও ফুটপাত পরিষ্কারের ব্যবস্থা নিশ্চিত করা। বিশ্বমানের নগর ব্যবস্থাপনায় রাস্তা ঝাড়ু দেওয়া, ওয়াটার স্প্রে দিয়ে ধুলো নিয়ন্ত্রণ, এবং বর্ষার আগে ড্রেন-নর্দমা পরিষ্কার করা সাধারণ বিষয়। কিন্তু ঢাকায় এ প্রক্রিয়া অনেকটাই কাগজে-কলমে সীমাবদ্ধ।
রাজধানী ঢাকার সুনাম ও বসবাসযোগ্যতা বজায় রাখতে রাস্তা পরিষ্কার রাখা শুধু নান্দনিকতার বিষয় নয়—এটি জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্ন। তাই সামান্য বৃষ্টিতেই সড়ক কর্দমাক্ত হয়ে যাওয়ার এই চিত্র বদলাতে হলে সিটি করপোরেশনকে দায়িত্বশীল হতে হবে এবং নিয়মিত পরিচ্ছন্নতার কাজে নজর দিতে হবে। নগরবাসীর প্রত্যাশা—রাজধানী হবে পরিচ্ছন্ন, নিরাপদ ও চলাচলযোগ্য একটি শহর। তাই রাজধানীর সুনাম রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন—নইলে ঢাকার পরিচয় হবে “বৃষ্টিতে কাদায় ডোবা শহর”।
-মোঃফারুক মিল্টন

একটি মন্তব্য পোস্ট করুন