(নিজস্ব প্রতিবেদক, ঢাকা)
ঢাকার গণপরিবহন খাতে প্রযুক্তির নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এখন থেকে ঘরে বসেই অনলাইনে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। এর ফলে আর স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ঝামেলায় পড়তে হবে না।
ডিটিসিএ সূত্রে জানা গেছে, সংস্থাটি ইতোমধ্যে অনলাইনে রিচার্জের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। মেট্রোরেল স্টেশনগুলোতে চারটি করে অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বসানোর কাজ চলছে এবং আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই এ সুবিধা চালু হতে পারে। এ উদ্যোগ সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু ও যাত্রীসেবা সহজ করার অংশ হিসেবেই নেওয়া হয়েছে।
রিচার্জের ক্ষেত্রে যাত্রীরা ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত কার্ডে জমা রাখতে পারবেন। নগদ, বিকাশ, রকেটসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), যেকোনো ব্যাংক কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে টাকা দেওয়া যাবে। তবে এজন্য কার্ডটি অবশ্যই rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইট থেকে রিচার্জ করলে নির্দিষ্ট যেকোনো মেট্রো স্টেশনে এভিএম মেশিনে কার্ড ট্যাপ করলেই টাকা যোগ হয়ে যাবে।
ডিটিসিএর কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এনএফসি সাপোর্ট করা স্মার্টফোন ব্যবহার করেও সরাসরি রিচার্জ ও টিকিট কেনা যাবে। সেই লক্ষ্যে মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছেন। এর মধ্যে আগে ৬০ হাজার কার্ড রেজিস্ট্রেশন করা ছিল, সাম্প্রতিক সময়ে আরও পাঁচ হাজার গ্রাহক অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।
ঢাকার মেট্রোরেলে যাত্রীসেবায় অনলাইনে রিচার্জের এই পদক্ষেপ নগরবাসীর ভ্রমণকে করবে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি-নির্ভর।

একটি মন্তব্য পোস্ট করুন