রাজধানীর অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক মিরপুর রোড, বিশেষ করে সায়েন্স ল্যাব থেকে আসাদ গেট পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার অংশে প্রতিদিন তীব্র যানজটের শিকার হচ্ছেন হাজারো যাত্রী। এই স্বল্প দূরত্বেই রয়েছে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ১২টিরও বেশি সিগনাল পয়েন্ট ও মোড়, যা যান চলাচলের গতি থমকে দিচ্ছে বারবার।
যানজটের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা (Traffic Management)। অদক্ষ সিগনাল টাইমিং (Signal Timing), পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাব এবং দায়িত্ব পালনে শৈথিল্য সমস্যা আরও জটিল করে তুলেছে। উপরন্তু, বাস, রিকশা, প্রাইভেট কারসহ সব যানবাহনের জন্য একক লেন ব্যবহারের ফলে সড়কে শৃঙ্খলার ঘাটতি লক্ষ করা যায়।
এছাড়া রাস্তার পাশে অবৈধ পার্কিং, যাত্রী তুলতে বাসের যত্রতত্র দাঁড়ানো এবং উল্টো পথে গাড়ি চলার প্রবণতাও যানজটের অন্যতম কারণ। রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখা ও সংস্কারের অভাব পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে।
এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য মিরপুর রোডে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা গুরুত্বহীন মোড়ের সংখ্যা কমিয়ে সিগনালমুক্ত ইউ-টার্ন (U-Turn) ব্যবস্থা চালু করা জরুরী। পাশাপাশি ট্রাফিক সিগনালের আধুনিকায়ন, আলাদা লেন নির্ধারণ, আইন প্রয়োগে কঠোরতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল মিরপুর রোডকে যানজটমুক্ত করা সম্ভব।
-মোঃ ফারুক মিল্টন

একটি মন্তব্য পোস্ট করুন